ই-কমার্সে প্রতারণা বন্ধে কঠোর হতে বললেন রাষ্ট্রপতি

২৩ সেপ্টেম্বর, ২০২১ ২৩:০৪  
ই-কমার্সে ভোক্তা প্রতারণা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই নর্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি। এসময় দ্রুত প্রসারণশীল ই-কমার্স ব্যবসায় ভোক্তা প্রতারণা বন্ধের কার্যকর উপায় বের করতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। রষ্ট্রপতি বলেছেন, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সকল পদক্ষেপে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি ভোক্তারা যেন যৌক্তিক মূল্যে ও প্রত্যাশিত সময়ে মানসম্মত পণ্য পায় তা নিশ্চিত করার প্রচেষ্টা থাকতে হবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতির কাছে কমিশনের ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করেন। সাক্ষাৎকালে কমিশন চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম প্রতিবেদনের বিভিন্ন দিকসহ কমিশনের চলমান কর্মকাণ্ড রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, কমিশনের সদস্য জি এম সালেহ উদ্দিন, এ এফ এম মনজুর কাদির ও নাসরিন বেগম এ সময় উপস্থিত ছিলেন।